‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে’

এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস’ ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নানা কর্মসূচি অব্যাহত আছে।’’

‘‘দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কর্মসূচি বাস্তবায়ন করা হবে— যা সেচব্যবস্থা পুনরুদ্ধার এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংস্থাটির কার্যক্রম প্রশংসনীয়।’’