প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের  আমন্ত্রণ

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী তা‌রেক রহমান‌কে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এ অংশগ্রহণের জন্য এবং সেখানে মূল প্রবন্ধ উপস্থাপনের আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন।

সোমবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি রাষ্ট্রদূত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, প্রধানমন্ত্রীকে ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এর তৃতীয় অধিবেশনে অংশগ্রহণ এবং সেখানে মূল বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফোরামে প্রধানমন্ত্রী অংশগ্রহণ কর‌লে ইউরোপীয় ইউনিয়নের ‘গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ’-এর আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউরোপীয় ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট কাজা ক্যালাসের একটি চিঠি হস্তান্তর করেন—যাতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে।

বৈঠকে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়গুলোতে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

উভয়পক্ষ প্রস্তাবিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বিজনেস ফোরাম ২০২৭’, আসন্ন উচ্চ-পর্যায়ের কার্যক্রম, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্তবাণিজ্য চুক্তির (এফ‌টিএ) সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন।

তারা আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলি এবং জাতিসংঘ ও রোহিঙ্গা সংকট-সংক্রান্ত বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।

উভয়পক্ষ পারস্পরিক সুবিধার লক্ষ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।