চীনে কাঁঠাল রফতানির পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া প্রতিবছর চায়নাতে বিলিয়ন ডলারের ডুরিয়ান এক্সপোর্ট করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “তারা যদি পারে নিশ্চয়ই আমরা কাঁঠালও এক্সপোর্ট করতে পারবো এবং এর মাধ্যমে আমরা নিশ্চয়ই বড় বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো।”  

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন।   

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান সম্পূরক প্রশ্নে জানতে চান, আমি আমার নির্বাচনি এলাকা ময়মনসিংহ-৬ আসনের ফুলবাড়িয়ায় প্রচুর পরিমাণে লেবু, আনারস এবং কাঁঠাল উৎপাদন হয় এবং বিপুল একটা বাজার সেখানে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার জিজ্ঞাসা হচ্ছে, এটা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যদি সেখানে একটি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি যে ফুলবাড়িয়ায় এরকম একটি শিল্পাঞ্চল কৃষিভিত্তিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করা হবে কিনা? 

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বেশ কয়েক বছর আগে আপনার ওখানে (ফুলবাড়িয়া) আনারসের ইন্ডাস্ট্রি করা হয়েছিল, জানেন বোধহয়। কিন্তু বিভিন্ন কারণে সেটি বন্ধ হয়ে গিয়েছে। আমরা উদ্যোগ গ্রহণ করছি, বিভিন্ন কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলো চালু করার জন্য। কৃষি খাতের মিল ফ্যাক্টরিগুলো আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। এটি গেলো একটি। দ্বিতীয়টি হচ্ছে—আলাদাভাবে আপনার ওখানে ইন্ডাস্ট্রিয়াল জোন করার পরিকল্পনা নেই আমাদের। কিন্তু যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে কীভাবে চালানো যায়—সেই চেষ্টা আমরা করছি।”  

প্রধানমন্ত্রী বলেন, “নিশ্চয়ই খেয়াল করেছেন—এই কিছু দিন আগে চীন সফরে গিয়েছিলাম। সেই চীন সফরে আমরা তাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশের কাঁঠাল অত্যন্ত পপুলার—চীনের মানুষরা খুব পছন্দ করেন। এই দেশ থেকে চীনে আমরা কাঁঠাল রফতানি করবো ইনশাআল্লাহ। প্রসঙ্গক্রমে আমি বলি, চীনের আগে মালয়েশিয়াতে গিয়েছিলাম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে আমাকে জানিয়েছেন, তাদের ওখানে একটি ফল হয় ডুরিয়ান। দেখতে অনেকটা কাঁঠালের মতো। কথা প্রসঙ্গে উনি আমাকে জানিয়েছেন, মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে বিলিয়ন ডলারের ডুরিয়ান এক্সপোর্ট করে। তারা যদি পারে নিশ্চয়ই আমরা কাঁঠালও এক্সপোর্ট করতে পারবো। এর মাধ্যমে আমরা নিশ্চয়ই বড় বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো।”