বিরোধীদলীয় নেতার এলাকার উন্নয়নের সরকারের সমন্বয় সভা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনি এলাকার (ঢাকা-১৫) উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) সংসদ ভবনে  ডা. শফিকুর রহমানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাতের সংস্কার ও পুনর্নির্মাণ, গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দফতরগুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলোচনা সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় আরও ছিলেন– স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম, ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান প্রকৌশলী মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (মিরপুর সার্কেল) মোস্তাক সরকার, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মহা-ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম, ডেসকোর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার রাশিদুর রহমান।