তথ্য কমিশনার নিয়োগে বাছাই কমিটি পুনর্গঠন

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও দুই জন তথ্য কমিশনার নিয়োগের সুপারিশ দিতে পাঁচ সদস্যের বাছাই কমিটি পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন— মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারার আলোকে এ কমিটি তথ্য কমিশনের শূন্য পদে নিয়োগের জন্য প্রতি পদের বিপরীতে দুই জন করে ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। কমিটির সিদ্ধান্ত সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে নেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বর্তমানে তথ্য কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালনরত মো. শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে ২০২৪ সালের ৩০ নভেম্বর গঠিত আগের বাছাই কমিটি বাতিল করা হয়েছে।