বরিশালের গৌরনদীতে নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে পাশেই বাটাজোর এলাকায় ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বরিশালে প্রথম সরকারি সফরের অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৫০ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেন তিনি।
গৌরনদীর বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু করেন বরিশাল সফরের কর্মসূচি।
পরে তিনি বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
এছাড়া বিকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী সফর শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি।