যশোর জেলার অভয়নগর উপজেলার ‘নওয়াপাড়া নদীবন্দর’ সচলতা রক্ষা ও ভৈরব নদের নাব্যতা সংকট স্থায়ীভাবে দূর করতে আধুনিক প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে সরকার। বর্তমানে পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে এই সংক্রান্ত সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রসুলের এক লিখিত প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলাম এই তথ্য জানান। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নৌমন্ত্রী জানান, খুলনা-নওয়াপাড়া নৌপথের ভৈরব নদীতে ইতোমধ্যে সংরক্ষণ ড্রেজিং (মেইনটেন্যান্স ড্রেজিং) সম্পন্ন করে মূল চ্যানেল হতে পলি অপসারণ করা হয়েছে। এর ফলে বর্তমানে ওই রুটে নির্বিঘ্নে ও নিরাপদে নৌযান চলাচল করছে। পাশাপাশি নওয়াপাড়া নদীবন্দর এলাকার বিভিন্ন ঘাটের নাব্যতা সংকট চিহ্নিত করে প্রয়োজনীয় ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী আরও বলেন, “অভয়নগর (নওয়াপাড়া) নদীবন্দর দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এই বন্দরের সচলতা বজায় রাখতে বিআইডব্লিউটিএ রাজস্ব বাজেটের আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ ড্রেজিং করে যাচ্ছে।”
ভৈরব নদের নাব্যতা সংকট স্থায়ীভাবে সমাধান, জরুরি ক্যাপিটাল ড্রেজিং, আধুনিক জেটি নির্মাণ এবং লেবার শেড নির্মাণের মাধ্যমে বন্দরটিকে পূর্ণাঙ্গ আধুনিক নদীবন্দরে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এই লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষে একটি পূর্ণাঙ্গ প্রকল্প প্রণয়নের মাধ্যমে নৌপথ আধুনিকায়ন ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা হবে বলে জানান মন্ত্রী।