বিমানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ ইবনে ধাফার ইবনে ইবনে উবায়া সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে উভয়পক্ষ গুরুত্বারোপ করেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।  

সাক্ষাৎকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, “বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমানোর লক্ষ্যে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ হ্রাস করা হলে তা বাংলাদেশের বিপুলসংখ্যক হজযাত্রীর জন্য উল্লেখযোগ্যভাবে উপকারী হবে।” এই বিষয়ে তিনি সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। 

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বাংলাদেশের হজযাত্রীদের জন্য আবাসনের ক্যাটেগরি-ডি সুবিধা না থাকায় প্রতি যাত্রীর আবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।” তিনি বাংলাদেশি হজযাত্রীদের স্বার্থে ক্যাটেগরি-ডি পুনর্বহালের জন্য সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।  

সৌদি রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশি হজযাত্রীদের সেবার মানোন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক।” এই লক্ষ্যে তিনি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ গ্রহণে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।  

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।