প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বিডি ক্লিনের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনটির সাবেক প্রধান সমন্বয়ক চম্পা আক্তার ও জহিরুল ইসলাম রবি এবং বর্তমান প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান।

সংগঠন সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ জুন একজন স্বেচ্ছাসেবীকে নিয়ে যাত্রা শুরু করা বিডি ক্লিন বর্তমানে ৫৮ হাজারের বেশি সদস্য নিয়ে দেশের ৫৮টি জেলা ও ১৬৫টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। গত এক দশকে সংগঠনটি ১৮টি খাল, সাতটি নদী ও ৭৬টি উদ্যান পরিচ্ছন্ন করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

সাক্ষাৎকালে পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিডি ক্লিনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজধানী ঢাকাসহ সারা দেশে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর ও জনপরিসর গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।