জলাবদ্ধতায় ডোবা চট্টগ্রামের রেললাইন ৫ ফুট উঁচু করার নির্দেশ

অতিবৃষ্টিতে চট্টগ্রামের জানালীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ার পর ওই অংশ পাঁচ ফুট উঁচু করে পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন।

এর আগে টানা বৃষ্টির কারণে গত ৭ জুলাই চট্টগ্রামের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া পর্যন্ত রেলপথ পানিতে ডুবে যায়। এ সময় রেলপথ দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে যায়। এতে করে কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাঁচ দিন বন্ধ থাকার পর ১২ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।