প্রতিবছর অন্তত একটি গাছ লাগাতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগাতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্কুলে হোক বা বাসার আঙিনায়—যেখানেই সুযোগ থাকে, সেখানে একটি করে গাছ লাগাতে হবে। সেই গাছ কত অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কী উপকারে আসে, তা ইন্টারনেট ঘেঁটে জানারও পরামর্শ দেন তিনি।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হচ্ছে।

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে। প্রতি বছর একটি করে গাছ লাগাও। গাছ সম্পর্কে নতুন নতুন তথ্য জানবে। স্কুলে লাগানো গাছ বড় হলে সেটি তোমাদের ছায়া দেবে। ক্লান্ত হলে সেই গাছের নিচে বিশ্রাম নিতে পারবে।

তিনি আরও বলেন, বাসায় গাছ লাগালে বড় হওয়ার পর তা নির্মল বাতাস দেবে। পরিবেশও আরও শীতল হবে।

এ সময় ক্ষুদে শিক্ষার্থীরা হাততালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানায়।

প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়। কারণ আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেক গাছ রোপণ করলাম।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।