র‌্যাংকের উন্নয়ন চান বিজিবি সদস্যরা

বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ




বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালকের পদবি মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করার দাবি জানিয়েছেন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। পাশাপাশি অতিরিক্ত মহাপরিচালকের পদবি মেজর জেনারেল এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদবি আরও এক ধাপ ওপরে করার দাবি জানিয়েছেন তারা।
বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর পিলখানায় বিজিবি সদরদফতরে বিজিবি কমান্ডার্স কনফারেন্সে তারা এসব দাবি তোলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজিবির দুই অতিরিক্ত মহাপরিচালক, ৩০ টি ইউনিটের প্রধানরা এই কনফারেন্সে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবচেয়ে সুসংহত: স্বাস্থ্যমন্ত্রী

 


বিজিবি সদস্যরা জানান, র‌্যাংকের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে বৈঠকের সময় বিজিবির কর্মকর্তারা সমস্যায় পড়েন। বিএসএফের প্রধান তিন তারকা ব্যাজ পড়েন, কিন্তু বিজিবি প্রধানের ব্যাজ দুই তারকা।
স্বরাষ্ট্রমন্ত্রী তাদের এই দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন, বিজিবিতে র‌্যাংক ব্যাজ উন্নয়নের দাবিও সরকার আমলে নেবে। বিমানবাহিনী, নৌবাহিনীতেও র‌্যাংক বাড়ানো হয়েছে, বিজিবিতেও বাড়ানো হবে। তিনি বলেন, ‘বিজিবির ইতিবাচক ভূমিকার কারণেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখা সহজ হয়েছে।’ সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান রোধ সম্ভব হয়েছে। অনেক সময় কাস্টম থেকে ছাড় পেলেও বিজিবি সদস্যদের হাত থেকে চোরাচালানকারীরা ছাড় পায় না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বিজিবির সদস্যরা পার্বত্য অঞ্চলে চলাচলের জন্য কয়েকটি হেলিকপ্টার ও চারটি হ্যালিপ্যাড দাবি করেছেন। বিজিবির ঘাঁটি থেকে কোনও কোনও প্রত্যন্ত এলাকায় যেতে সাত-আটদিন সময় লেগে যায় বলেও জানান তারা। পার্বত্য এলাকায় সাত-আটশ কেজি রেশন পাঠাতে দুই-তিন লাখ টাকাও খরচ হয়ে যায়।
এছাড়া তারা আপাতত বন্ধ থাকা ঝুঁকি ভাতা আবার চালুর দাবিও জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি কর্মকর্তাদের সব দাবিই পূরণের আশ্বাস দিয়েছেন।
কোনওভাবেই যাতে মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশের ঢুকতে দেওয়া না হয়, বিজিবি কর্মকর্তাদের সেই নির্দেশনা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান।
এই বৈঠকে চোরাচালান ও মাদক পাচার রোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধ, সীমান্তে ভূমি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন- 

গাড়িতে পুলিশের রেকার লাগানোর ফাঁকে অপহৃত হন দৃক কর্মকর্তা!

 



/জেইউ/এফএস/টিএন/