টুকুর খালাসের রায় বাতিল

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকুকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ও পুনঃশুনানির আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা টুকুর রিভিউ আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ কিছু পর্যবেক্ষণসহ রিভিউ আবেদন খারিজ করে দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান। টুকুর পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

আরও পড়তে পারেন: সুন্দরবনে আবারও আগুন

আদেশের পর খুরশীদ আলম খান জানান, ‘হাইকোর্ট টুকুকে খালাস দেওয়ার পর আমরা লিভ টু আপিল করি। এ আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে এ মামলার শুনানির জন্য আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এরপর  আপিল বিভাগে রিভিউ করেন টুকু। আজ শুনানি শেষে আপিল বিভাগ রিভিউ খারিজ করে দেন।’

মামলার বিবরণ থেকে জানা যায়, ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন। কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ওই বছর ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন। ২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে এই বিএনপি নেতাকে ৯ বছরের কারাদণ্ড দেন।

তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০১১ সালের ১৫ জুন তাকে বেকসুর খালাস দেন।

 আরও পড়তে পারেন: টিউলিপের সন্তান জন্মের খুশিতে এতিমদের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

/ইউআই/এসটি/