সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় পাসপোর্ট, ইমিগ্রেশন, বেসামরিক বিমান চলাচল ও কাস্টমসসহ একাধিক আইন লঙ্ঘনের অভিযোগে পৃথক মামলা হয়নি কেন— এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে তার বক্তব্য ব্যক্তিগত, সরকারের আনুষ্ঠানিক বক্তব্য নয়।
তিনি বলেন, “তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত। সম্ভবত একারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নতুন করে অন্য আইনে উদ্যোগ নেয়নি। তবে যেখানে যেখানে আইন লঙ্ঘন হয়েছে, তার অন্তত একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি থাকা দরকার।”
আইন লঙ্ঘনের অভিযোগগুলো সরকার আনুষ্ঠানিকভাবে বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড, প্রশাসনিক সংস্কার, বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুমের অভিযোগ, মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিপূরণ, মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।