‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের ঘটনায় সরকারের অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসনের কাছে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়েছেন।

জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরে তিনি বলেন, “ভাস্কর্যটির নির্মাণকাজ ২০১৯ বা ২০২০ সালের দিকে শুরু হলেও সেটি সম্পূর্ণ হয়নি। ভাস্কর্যে বীরশ্রেষ্ঠের মুখাবয়ব যথাযথভাবে ফুটে ওঠেনি— এমন অভিযোগ ছিল।” 

এছাড়া সড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে উঁচু বেদির ওপর ভাস্কর্যটি থাকায় যান চলাচলে প্রতিবন্ধকতা ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল বলেও স্থানীয়দের অভিযোগ ছিল। 

সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড, প্রশাসনিক সংস্কার, বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুমের অভিযোগ, মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিপূরণ, মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। 

তিনি বলেন, “এটি জঙ্গি বা সন্ত্রাসীরা ভেঙে ফেলেছে— এমন তথ্যের সঙ্গে ঘটনাটির সম্পর্ক নেই। জেলা প্রশাসন জানিয়েছে, নতুন একটি উপযুক্ত জায়গায় বীরশ্রেষ্ঠের যথাযথ অবয়ব এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে ভাস্কর্য নির্মাণ করা হবে।” 

ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সরকার বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেই নেওয়া হয়েছে বলেও জানান তিনি।