কিছুক্ষণের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন বলে রাষ্ট্রপতির ঘনিষ্ট একটি সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পর আর কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ অধিশাখা-২) সাইদুজ্জামান সাঈদ জানান, শুক্রবার বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের এই ব্রিফিং হবে। 

সংসদ বিটের রিপোর্টারদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।

এর আগে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়েই এই ব্রিফিং ডাকা হয়েছে। সেখানেই পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।