নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ এই স্লোগানকে ধারণ করে গত ২ মে শুরু হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা। আসরের প্রতিপাদ্য ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’
সোমবার অনুষ্ঠানে পৌঁছে আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে থাকা শিশু-কিশোরদের অভিবাদনের জবাব দেন। তিনি তাদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন ও হাত মেলান। সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠে স্কুলশিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট মাঠে বসে উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া স্কুলশিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়।
এরপর দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ ৮টি ডিসপ্লেতে অংশ নেয়। পরবর্তী সময়ে প্রতিভা বাছাই শেষে জাতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।