গণমাধ্যমের কাছে যে অুনরোধ জানালেন প্রধানমন্ত্রী 

খুদে খেলোয়াড়দের পুরস্কারপ্রাপ্তির সংবাদ প্রধান শিরোনামে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২৭ জুলাই) বিকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের বৃহৎ খেলার আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “মিডিয়ার ভাইয়েরা যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আজকের এই খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের খবর যেন গুরুত্ব দেওয়া হয়। আপনাদের যে কর্তৃপক্ষ অর্থাৎ এডিটর সাহেবরা আছেন, তাদের প্রতিও সে আহ্বান।” 

তিনি বলেন, “আজ ফাইনাল খেলা হলো। আমরা সব সময় দেখি যে পত্রিকায় বা নিউজে বিভিন্ন বিষয় হাইলাইট করা হয় বা লিড নিউজ করা হয়ে থাকে। আজকের ইভেন্টটাও যেন সেভাবে প্রচার হয়। কারণ এই ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ফিউচার।” 

তিনি বলেন, “যারা প্যান্ডেলের নিচে ও গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আপনাদের কাছে অনুরোধ থাকবে যতো নিউজই থাক আপনাদের সম্প্রচারিত প্রতিষ্ঠানে, আপনাদের পত্রিকায় যদি আজকের এই বাচ্চাদের খেলার নিউজটা যেন আগামীকাল লিড করা হয়। এটি আমার অনুরোধ রইলো আপনাদের কাছে। আশা করি আপনারা কালকের বা রাত্রের ইলেকট্রনিক মিডিয়াতে আমাদের এই ভবিষ্যৎকে তুলে ধরবেন।” 

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমাদের এই সরকার কাজ করছে। তোমাদের স্কুলগুলো যাতে ধীরে ধীরে আমরা গড়ে তুলতে পারি। কিন্তু আজকে এই নতুন করে স্পোর্টস ইভেন্টে তোমাদের কাছ থেকে আমি একটি কথা নিতে চাই। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি। এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন তোমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবে।”