বাংলাদেশের বস্ত্র খাতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপন করতে চায়।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর একটি প্রতিনিধি দলের বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানানো হয়। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন।
সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে প্রতিষ্ঠানটির বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা বিবেচনায় স্থানীয়ভাবে উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে তুরস্ক থেকে টেক্সটাইল পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের দক্ষ শ্রমশক্তি, রফতানি সক্ষমতা এবং বাজার সম্ভাবনার কারণে এখানে উৎপাদন স্থাপনে আগ্রহী তারা।
প্রস্তাবিত প্রকল্পে কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরি করা হবে। এতে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের মানসম্পন্ন পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধি দল জানায়, বাংলাদেশে সানকোর বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রেতা রয়েছে। স্থানীয় উৎপাদন শুরু হলে নতুন ক্রেতাদেরও বাংলাদেশে আনা সম্ভব হবে। একই সঙ্গে প্রযুক্তি, দক্ষতা ও বাজার সম্প্রসারণের মাধ্যমে দেশের অন্য টেক্সটাইল কারখানাগুলোও উপকৃত হবে।
প্রকল্পের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন এবং অংশীদারদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়। প্রয়োজনীয় অনুমোদন ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে আগামী কয়েক মাসের মধ্যে পরবর্তী কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। নির্মাণকাজ শুরুর পর ১২ থেকে ১৮ মাসের মধ্যে উৎপাদন চালুর লক্ষ্য রয়েছে।
বৈঠকে সানকোর পক্ষ থেকে গ্যাস সংযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জ্বালানি সুবিধা এবং সরকারি অনুমোদন দ্রুত নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জানান, আধুনিক টেক্সটাইল উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই উৎপাদন ব্যবস্থা গুরুত্ব পাবে। আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা বিবেচনায় কয়লাবিহীন ও পরিবেশসম্মত জ্বালানি ব্যবস্থাও নিশ্চিত করতে চায় তারা।
সানকোর প্রতিনিধিদের মতে, প্রস্তাবিত কারখানাটি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের বস্ত্র খাতকে সাধারণ উৎপাদন থেকে উচ্চমূল্যের পণ্য উৎপাদনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে। প্রকল্পটি সফল হলে অন্য বিদেশি উদ্যোক্তারাও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হতে পারেন।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে সানকোকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সরকার বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে কাজ করছে।