পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এখনও পর্যন্ত মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনও আলাপ হয়নি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন ফেরত নেওয়ার কথা। আমাদের তো রিপেট্রিয়েশন ফার্স্ট প্রায়োরিটি। সেটা যদি হয় অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং এটা অত্যন্ত ভালো একটা সুসংবাদ হবে। কিন্তু আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করছি, এখনও কোনও সুনির্দিষ্ট কিছু আমার জানা নেই।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
মিয়ানামারে আটক জেলেদের প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই উদ্যোগ নিয়েছি, আমরা কিছুদিন আগে আমাদের বিজিবি প্রধানের সাথে মিটিং করেছি, পররাষ্ট্র সচিবসহ আমরা মিটিং করেছি যে, ওখানে ওনারা আরাকান আর্মির সাথে যোগাযোগ করে যেসব জেলে আটকা পড়ে বিভিন্ন পর্যায়ে আছেন, আরাকান আর্মিতে কেউ ধরা পড়েন, কেউ আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন— তাদেরকে ফেরত আনার কী ব্যবস্থা নেওয়া যায়। প্রসেসটা একটু কমপ্লিকেটেড। সংখ্যাটা কিন্তু খুব বেশি না সীমিত। আমরা ২৭ জনকে এখনও পর্যন্ত আইডেন্টিফায়েড করতে পেরেছি। তারা ওখানে জেলে ছিল, জেল খেটেছে এবং তাদেরকে ফিরিয়ে আনতে পারবো। সেই প্রসেসটা অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ করে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।
তিনি বলেন, আরাকান আর্মির কাছে যখন আটক থাকে এটা খুবই একটা কমপ্লিকেটেড ব্যাপার। কারণ ওনারা খুব সহজেই আমাদের সঙ্গে এনগেজ হতে চান না। সেই জায়গাটা থেকে আমাদের বিজিবি এবং আমাদের যারা অন্যান্য সংস্থার ওখানে বর্ডারে আছেন, তারা এটা নিয়ে কাজ করছেন। গত দুই-তিনমাস আগে চেন্নাইতে আমাদের বগুড়ার কিছু লোকজন আটকা ছিল, তাদেরকে আমরা ফেরত আনতে পেরেছি। অত্যন্ত সার্থকতার সাথে তাদেরকে ফেরত এনেছি এবং যারাই ভারত বা অন্যান্য যে দেশেই থাকুক না কেন, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।