জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার- মাহদী আমিন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তার ভাষ্য,জুলাই গণহত্যার বিচারও অবশ্যই নিশ্চিত করা হবে।

রবিবার (২ আগস্ট) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জুলাই রেভ্ল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লব বিষয়ক প্রথম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘‘জুলাই শহীদরা সত্যিকার অর্থে এমন একটি সার্বভৌম বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, যেখানে মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং বৈষম্য থাকবে না। তাই এ আদর্শ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেকেই আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন, অনেকেই এখনও চিকিৎসাধীন রয়েছেন। এসব আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্ববোধ ও সহমর্মিতা নিয়ে দাঁড়াতে চায়। এ সময় দীর্ঘমেয়াদে তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।’’

মাহদী আমিন বলেন, ‘‘দলের চার শতাধিক নেতাকর্মী জুলাই গণঅভ্যুত্থান এবং তার পূর্ববর্তী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে প্রাণ দিয়েছেন। পাশাপাশি হাজারো মানুষ গুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান গণতান্ত্রিক সংগ্রামের ভিত্তি রচিত হয়েছে।’’

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন। তবে তিনি স্বীকার করেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের প্রভাব অল্প সময়ে সম্পূর্ণভাবে দূর করা সম্ভব নয়। তবুও শহীদদের আত্মত্যাগ এবং তাদের পরিবারের প্রত্যাশা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তাদের মূল রাজনৈতিক পরিচয় বাংলাদেশপন্থি রাজনীতি এবং বাংলাদেশকেন্দ্রিক রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্যে বিশ্বাসী সব মানুষকে একই আদর্শে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং গণভোটের রায় কার্যকরে জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের কাছে দাবি জানান। তারা নানা স্লোগান দেন। এ সময় তিনি তাদেরকে আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।