নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার কোনও উদ্যোগ সরকার নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, তসলিমা নাসরিনকে দেশে আনার উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব নয়।
তিনি বলেন, দেশে ফিরবেন কি না, সেটি তসলিমা নাসরিনের ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি ফিরতে চাইলে প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। এরপর তার আবেদন বা পরিস্থিতি অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে।
দেশে ফিরে তিনি অতীতের কোনও ফৌজদারি অপরাধের অভিযোগে আইনের আশ্রয় নিতে চাইলে সেই সুযোগও রয়েছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।
প্রসঙ্গত, প্রায় দুই দশক পর সম্প্রতি আবারও কলকাতায় ফিরেছেন বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। ২০০৭ সালে কলকাতা ছাড়ার পর এবার প্রথমবারের মতো শহরটিতে এসে পশ্চিমবঙ্গ সরকারের সংবর্ধনা গ্রহণ করেছেন তিনি। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে স্বাগত জানান এবং নিরাপত্তার আশ্বাস দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ থেকে নিজের নির্বাসনের প্রসঙ্গ টেনে তসলিমা বলেন, ১৯৯৪ সালের ৮ আগস্ট তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এরপর বিভিন্ন সরকার এলেও তার জন্য সেই দরজা আর খোলেনি। ২০০৭ সালের ২২ নভেম্বর তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারও তাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল বলে দাবি করেন তিনি।