বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষক ও চিকিৎসকসহ পেশাজীবীরা কতটুকু রাজনৈতিক চর্চা করতে পারবেন অনেকে সে প্রশ্ন তুলেছেন। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি সব গণতান্ত্রিক দেশেই পেশাজীবীদের নিজস্ব মতাদর্শ থাকে। তবে রাজনীতি চর্চা করতে গিয়ে যেন নিজেদের পেশাগত কাজে বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে নিজেদের গুনগত মান বজায় রাখতে হবে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি ভবনে বিএনপির সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের যথাযথ প্রশিক্ষণ দিতে চিকিৎসকরা দায়িত্বশীল আচরণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।