সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের কিছু জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার (৮ আগস্ট) সতর্কবার্তায় এ কথা জানায় সংস্থাটি।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী দুইদিন দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ১২ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী দুই দিন স্থিতিশীল এবং তৃতীয় দিন হ্রাস পেতে থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট জেলার কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নঞ্চলের কোথাও কোথাও উদ্ভূত বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী একদিন অব্যাহত থাকতে পারে, পরবর্তী দুইদিন স্থিতিশীল থাকতে পারে এবং চতুর্থ ও পঞ্চম দিন হ্রাস পেতে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের সমতল পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী পাঁচ দিনও বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমা দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের আত্রাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী একদিন বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় আত্রাই নদী নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্কসীমা প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী একদিন স্থিতিশীল এবং পরবর্তী দুদিন বৃদ্ধি পেতে পারে।
পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। ওই নদীসমূহের পানি সমতল আগামী একদিন বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে।