সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু নষ্ট-পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা

সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে এসে তার বিরুদ্ধে থাকা মামলা মোকাবিলা করার আগ্রহ এবং নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন— এ প্রসঙ্গে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের ডা. জাহেদ উর রহমান জানান, তিনি দেশে এলে আইন অনুযায়ী নিরাপত্তা পাবেন। 

তথ্য উপদেষ্টা জানান, সাকিব যদি দেশে এসে মামলা ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চান, তাহলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ তিনি দেখেন না।

তবে সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থান নিয়ে অত্যন্ত কড়া সমালোচনা করেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, “সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ। যে মানুষ শেখ হাসিনার সঙ্গে অ্যালাইন হয় এবং এখনও থাকেন। ৫ তারিখ তো তারও বক্তব্য এসেছে। তিনি কত নামী, কত সুনাম তার আছে। তিনি এসব ফালতু কথা বলেন সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য।” 

জাহেদ উর রহমান বলেন, “যে কেউ দেশে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলে তার সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।”  

শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে উল্লেখ করে তিনি বলেন, “তিনি দেশে এলে পূর্ণ নিরাপত্তা পাবেন এবং বিচারিক প্রক্রিয়ায় তার আইনগত অধিকার নিশ্চিত করা হবে।”