মানবিক আইন বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ প্রতিরক্ষা উপদেষ্টার

আন্তর্জাতিক মানবিক আইন সম্পর্কে সচেতনতা কেবল সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, মানবজীবনের মূল্য সর্বাগ্রে। সংঘাতের মধ্যেও মানুষের জীবন, মর্যাদা ও মানবিক মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে হবে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান নিকোলাস পল আলবিন ফ্লুরির সাক্ষাৎকালে এসব বিষয় উঠে আসে।

সাক্ষাতে আন্তর্জাতিক মানবিক আইন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব, প্রয়োগ, প্রশিক্ষণ ও জনসচেতনতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংঘাতের সময় সাধারণ মানুষ, নারী, শিশু, আহত ও অসুস্থ ব্যক্তি, চিকিৎসাকর্মী, মানবিক সহায়তাকর্মী এবং সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। 

আলোচনায় বলা হয়, আন্তর্জাতিক মানবিক আইনের মূল উদ্দেশ্য সংঘাতের মধ্যেও মানুষের জীবন ও মর্যাদা রক্ষা করা। পাশাপাশি মানবিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি কমিয়ে আনাও এই আইনের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রেক্ষাপটেও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুত্ব তুলে ধরা হয়। সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে বাস্তবভিত্তিক পাঠ, কেস স্টাডি ও সেমিনার অন্তর্ভুক্ত করার পাশাপাশি প্রশিক্ষক উন্নয়ন কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা বলা হয়। 

বৈঠকে আন্তর্জাতিক মানবিক আইন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা তৈরিতে সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়। দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে এই আইনের উদ্দেশ্য এবং মানবিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা সম্ভব বলে মত প্রকাশ করা হয়। 

তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা, গণমাধ্যম ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও সাইবার কার্যক্রম ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট মানবিক ও আইনগত বিষয় যথাযথভাবে বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেন উভয়পক্ষ। 

আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণা, অভিজ্ঞতা বিনিময় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও তারা মতবিনিময় করেন।