বাংলাদেশে আইএস’র অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালবাংলাদেশে আইএস’র কোনও অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইএস’র কোনও সাংগঠনিক ভিত্তি নেই। তবে তাদের অনুসারী কেউ থাকতে পারেন। এদেশে আইএস’র কোনও আস্তানা হবেও না।’
বাংলাদেশকে নিয়ে আইএস-কে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা দেশি-বিদেশি ষড়যন্ত্র বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত বুধবার আইএস’র মুখপাত্র হিসেবে পরিচিত ‘দাবিক’ নামের ম্যাগাজিনের শেষ সংখ্যার একটা বড় জায়গা জুড়ে আলোচিত হয়েছে বাংলাদেশে আইএসের তৎপরতার প্রসঙ্গে। ‘দাবিক’- এ বলা হয়েছে, ভারত ও মিয়ানমারে আক্রমণ চালাতে বাংলাদেশের ভূমিকে ব্যবহারের পরিকল্পনা করছেন তারা। বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী, বিদেশি নাগরিক আর ব্লগার খুনের ধারাবাহিকতায় তারা দাবি করছেন, বাংলাদেশের স্থানীয় জিহাদিরা আইএসের প্রতি আনুগত্য জানিয়েছে এবং তাদেরকে আইএসের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
দাবিক-এর শেষ সংখ্যার বরাত দিয়ে নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম বাজফিড এবং ভারতীয় সংবাদমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস (ডিএনএ) এসব খবর জানিয়েছে।

বুধবার দাবিক-এর শেষ সংখ্যার বরাতে বাজফিড জানায়, দাবিকে আবু জান্দাল আল বাঙালি নামের এক ব্যক্তির প্রোফাইল প্রকাশিত হয়েছে। জান্দাল সিরিয়ার উত্তরাঞ্চলে আইন ইশার যুদ্ধে প্রাণ হারিয়েছেন।

আরও পড়তে পারেন:  বাংলাদেশে আইএস-এর নতুন ফ্রন্ট, পরিচালনায় আবু ইব্রাহিম!

 

দাবিকের দাবি অনুযায়ী, জান্দাল বাংলাদেশের রাজধানী ঢাকার এক সমৃদ্ধ পরিবারের সন্তান, তার সামরিক সংশ্লিষ্টতা ছিল। জান্দাল আইএসের প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার পর থেকেই ‘শহীদ’ হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। জান্দাল একজন একনিষ্ঠ জিহাদি ছিলেন এবং বাংলাদেশে জিহাদের পক্ষে একনিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন তিনি।

/এআরআর/এসটি/ আপ-এপিএইচ/