আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধীদল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে তিনটি মনোনয়নপত্র জমা হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। তাদের এই মনোনয়নপত্র আজ রবিবার (১৬ আগস্ট) যাচাই-বাছাই করছে ইসি। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে এ ঘোষণা করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু উপস্থিত ছিলেন।
এদিকে আজ বেলা ১১টার দিকে ১১ দলীয় ঐক্যের মনোনীত অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।
যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ইসি। এরপর বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপি একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য দুটি মনোনয়নপত্র জমা দিয়েছে।