শেখ হাসিনা সরকার দ্বিপক্ষীয় চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা সরকার দ্বিপক্ষীয় চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা প্রথমে বাজিয়ে দিয়েছিল। যখন বিএনপি সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন করেছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় একটি ত্রিপক্ষীয় চুক্তি করা হয়েছিল। জাতিসংঘ ওই চুক্তির একটি প্রভাবশালী অংশীদার ছিল। তখন ওআইসির প্রত্যেকটি দেশসহ বিভিন্ন বহুপক্ষীয় সংস্থাকে সম্পৃক্ত করা হয়েছিল। সেজন্য সেটি কাজে লেগেছিল, যা গত সরকার করতে ব্যর্থ হয়েছিল।
রোহিঙ্গা সংকটকে কঠিন পরিস্থিতি হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কঠিন অবস্থার মধ্যে আমরা আছি। সেটা আমাদের স্বীকার করতে হবে। ২০১৭ সালে রোহিঙ্গাদের আসা শুরু হয়েছে। সেই ২০১৭ সাল থেকে এখন ২০২৬। প্রথম তিন-চার বছরের মধ্যেই যদি সমাধান করা যেত, তখন মিয়ানমারের পরিস্থিতি এতটা জটিল ছিল না। কিন্তু যত দিন গেছে, আমাদের জটিলতা বেড়েছে, সমস্যা আরও ঘনীভূত হয়েছে।
তিনি বলেন, এই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এবং দেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ সমস্যা।
মিয়ানমারকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, আমরা মনে করি, মিয়ানমার সরকার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখবে। শুধু কূটনৈতিক ভাষায় বললে হবে না, সেটিকে বাস্তব কার্যক্রমে পরিণত করতে হবে। আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, আমরা সব কাজ করবো।
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ সেশন রয়েছে। সেখানে মিয়ানমারের ওপর যতটা সম্ভব আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, এখানে আমাদের রাজনীতির একটা ব্যাপার আছে, আঞ্চলিক রাজনীতি আছে—সবকিছু মিলিয়েই আমাদের কূটনৈতিক কাজটা আমরা চালিয়ে যাচ্ছি।
মিয়ানমারের সঙ্গে আলোচনায় কৌশলগত পরিবর্তন এসেছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কৌশলগত পরিবর্তন তো আছেই।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তখনও তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে অভ্যন্তরীণভাবে অনেক কৌশলগত কাজ করেছেন। সেই কাজগুলো বর্তমান বিএনপি সরকারের সময়ও চলমান রয়েছে।
শামা ওবায়েদ বলেন, আমরা মিয়ানমার সরকারের ওপর আস্থা রাখতে চাই। পাশাপাশি বিএনপি সরকার অতীতে যেভাবে কাজ করেছিল, সেভাবেই আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর আরও বেশি জোর দিচ্ছি, যাতে তারাও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে।
এ সময় প্রধানমন্ত্রীর কোনও সফর নিয়ে নতুন কোনও আপডেট নেই বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।