নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তিনি এ অভিনন্দন বার্তা দেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।’

তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও দেশপ্রেম রাষ্ট্রপতির মহান দায়িত্ব পালনে তাকে সহায়তা করবে।’

রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের সংবিধান, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিকদের মৌলিক অধিকার আরও সুদৃঢ় ও সমুন্নত হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল।

অ‍্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি এবং রাষ্ট্রের কল্যাণে তার দায়িত্বশীল ভূমিকার প্রতি আন্তরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করছি।’

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।