মন্ত্রিসভায় প্রথম রদবদলে নতুন দায়িত্বে যাচ্ছেন দুই মন্ত্রী। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, শুক্রবার (২১ আগস্ট) শপথ নেওয়া নতুন দুই মন্ত্রীর দফতর বণ্টনের সঙ্গে পুরোনো এই দুই মন্ত্রীর দায়িত্বেও পরিবর্তন আনা হচ্ছে। রাতের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে।
সূত্র অনুযায়ী, জহির উদ্দিন স্বপনের জায়গায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
আর আফরোজা খানম রিতার জায়গায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাট। এতদিন তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জহির উদ্দিন স্বপন যাচ্ছেন উপদেষ্টা পদে
বিএনপির নেতা জহির উদ্দিন স্বপন বর্তমানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। নতুন রদবদলে তাকে মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করার কথা রয়েছে। মন্ত্রী সমমর্যাদায় তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।
তার জায়গায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিএনপির জোটসঙ্গী এই নেতা শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি ভোলা-১ আসনের সংসদ সদস্য।
পর্যটন থেকে খাদ্যে রিতা
অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার দপ্তরও পরিবর্তন করা হচ্ছে। তাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ সূত্র।
তার স্থলাভিষিক্ত হচ্ছেন রশিদুজ্জামান মিল্লাট। জামালপুর-১ আসনের এই সংসদ সদস্য এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। শুক্রবার তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন দায়িত্ব বণ্টনে তাকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হচ্ছে।
নতুন আরও চারজনের দায়িত্বও বণ্টন হচ্ছে
একই রদবদলে শুক্রবার শপথ নেওয়া আরও দুই পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্বও বণ্টন করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ ছাড়ায় এই মন্ত্রণালয়ের দায়িত্ব শূন্য হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। আর টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। তাদের শপথের পরই মন্ত্রিসভায় প্রথম বড় রদবদলের অংশ হিসেবে দফতর বণ্টনের প্রক্রিয়া শুরু হয়।