ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই সংসদীয় কমিটি গঠনের কার্যক্রম রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় শুরু হতে যাওয়া অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে তিনটি বিল উত্থাপন এবং পাঁচটি বেসরকারি সদস্যের সিদ্ধান্ত-প্রস্তাবও রয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত কার্যসূচিতে দেখা গেছে, সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাবের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এরপর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। দিনের কার্যসূচিতে সংসদীয় কমিটি গঠনও রাখা হয়েছে।
প্রথম দিনেই কমিটি গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দুই অধিবেশনে এ পর্যন্ত মোট ১৯টি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, নতুন সংসদকে তৃতীয় অধিবেশনের মধ্যে প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একটি করে স্থায়ী কমিটি গঠন করতে হয়।
আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া তৃতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে ‘কমিটি গঠন’ অন্তর্ভুক্ত করায় বাকি কমিটিগুলো গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে।
এর আগে প্রথম ও দ্বিতীয় অধিবেশনে কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি, বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটিসহ একাধিক হাউস ও বিশেষ কমিটি গঠন করা হয়।
এ ছাড়া পরিকল্পনা, অর্থ, আইন, বিচার ও সংসদবিষয়ক, সরকারি হিসাব, মুক্তিযুদ্ধবিষয়ক, শিল্প, পররাষ্ট্র, বাণিজ্য, পানি সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিসহ মোট ১৯টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও রয়েছে।
প্রথম দিনের কার্যসূচিতে ৩ বিল
তৃতীয় অধিবেশনের প্রথম দিনে তিনটি বিল উত্থাপনের কথা রয়েছে। এর মধ্যে রয়েছে— ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬। ১৮৮২ সালের ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধনের জন্য বিলটি উত্থাপন করা হবে।
এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ উত্থাপন করা হবে।
তৃতীয় বিলটি হলো, গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬। গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ এবং প্রতিকার দেওয়ার পাশাপাশি মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিলটি আনা হচ্ছে।
দুই স্থায়ী কমিটিতে যাবে তিন বিল
কার্যসূচি অনুযায়ী, ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।
অপরদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।
পাঁচটি বেসরকারি সিদ্ধান্ত-প্রস্তাব
অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে পাঁচটি বেসরকারি সদস্যের সিদ্ধান্ত-প্রস্তাব রয়েছে। টাঙ্গাইল-৭ আসনের সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের প্রস্তাব উত্থাপন করবেন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সদস্য মো. আবদুল মান্নান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের প্রস্তাব দেবেন।
চট্টগ্রাম-১২ আসনের সদস্য মোহাম্মদ এনামুল হক জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ পটিয়া আদালত ভবন দ্রুত নির্মাণের প্রস্তাব উত্থাপন করবেন।
নরসিংদী-৫ আসনের সদস্য মো. আশরাফ উদ্দিন রায়পুরা নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে আমিরগঞ্জসহ অন্যান্য স্টেশন হয়ে শ্রীরামপুর রেলগেট পর্যন্ত সড়ক সম্প্রসারণ করে শ্রীনিধী ও দৌলতকান্দি হয়ে ভৈরব রেলস্টেশন পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব দেবেন।
এ ছাড়া সাতক্ষীরা-২ আসনের সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত-প্রস্তাব উত্থাপন করবেন।
১৫ জুলাই শেষ হয় দ্বিতীয় অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ এবং শেষ হয় ৩০ এপ্রিল। এরপর ৭ জুন শুরু হয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন। ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর ৩০ জুন তা পাস হয়। পরে অধিবেশন চলতে থাকে এবং ১৫ জুলাই দ্বিতীয় অধিবেশন শেষ হয়।
প্রায় দেড় মাস বিরতির পর বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন। প্রথম দিনের কার্যসূচিতে কমিটি গঠন অন্তর্ভুক্ত হওয়ায় অধিবেশন শুরুর দিন থেকেই বাকি সংসদীয় কমিটিগুলো গঠনের কার্যক্রম শুরু হওয়ার ইঙ্গিত মিলছে।