ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটি সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আরও অংশগ্রহণ করেন— কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে স্পীকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। আগামী এক বছরের সম্ভাব্য অধিবেশনসমূহের দিন এবং সম্ভাব্য ব্যাপ্তি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনও বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ২৬৭৬টি প্রশ্নসহ মোট ২৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১) এ ২৪৯টি নোটিশ পাওয়া গিয়েছে ।
বৈঠকে সাচিবিক সহায়তা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।