শুধু কমিশন বা সরকার নয়, বরং সুশীল সমাজ ও সাধারণ মানুষসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্টিভেন রড্রিগেস বলেন, “আমি নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে দেখা করেছি। আমাদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমি শুরুতেই বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সফল একটি নির্বাচন আয়োজন করার জন্য কমিশনকে অভিনন্দন জানিয়েছি।”
তিনি বলেন, “বাংলাদেশে গত যে জাতীয় নির্বাচনটি হয়েছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি বাংলাদেশের জন্য একটি নতুন ভবিষ্যতের পথ তৈরি করেছে। ইউএনডিপি এবং নির্বাচন কমিশনের মধ্যকার সহযোগিতা নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমরা এই কমিশনের সহযোগী হতে পেরে গর্বিত। যদিও নির্বাচনের পুরো ব্যবস্থাপনা ও আয়োজন ১০০ ভাগ কমিশন নিজেই করেছে, তবে আমরা এবং আরও কিছু দাতা সংস্থা তাদের সহায়তা দিয়েছি। এই সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমরা জাতিসংঘের অন্যান্য সংস্থা যেমন— ইউএন ওম্যান, ইউএনওডিসি এবং ইউনেস্কোর সঙ্গে মিলে কাজ করি।”
স্থানীয় সরকার নির্বাচনেও সহায়তার কথা জানিয়ে স্টিভেন রড্রিগেস বলেন, “আমরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং এই নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। এসব ক্ষেত্রে ইউএনডিপি বা জাতিসংঘের সংস্থাগুলো আর কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়েও কথা হয়েছে। তবে এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের ইচ্ছার ওপর নির্ভর করে। তারা কখন এবং কোথায় আমাদের সহায়তা নেবে, তা তারাই ঠিক করবে।”
তিনি আরও বলেন, “আমরা এই অংশীদারত্বের জন্য গর্বিত এবং আজ সকালে তারা আমাদের যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, তাতে আমি অত্যন্ত আনন্দিত। কয়েক মাস আগে একটি সফল জাতীয় নির্বাচন শেষ করার জন্য আমি আবারও কমিশন ও বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে, শুধু কমিশন বা সরকার নয়, বরং সুশীল সমাজ ও সাধারণ মানুষসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন স্থানীয় নির্বাচনও শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হবে এবং তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।”