বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে: মন্ত্রিপরিষদ সচিব

নতুন জাতীয় বেতনস্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি খাতে যেসব শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি খাতে অনেক প্রতিষ্ঠান প্রতিবছর ৫ শতাংশ বা ৭ শতাংশ করে বেতন বাড়ায়। মন্ত্রিসভায় থাকা কয়েকজন নিয়োগকর্তাও এ বিষয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে নতুন পে-স্কেল মূলত যারা নির্ধারিত বেতনস্কেলের ওপর নির্ভরশীল, তাদের জন্য।

এর আগে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।