মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে বাংলাদেশ আনসার ও ভিডিপির (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।
প্রেস সচিব জানান, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা, ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।
তিনি বাহিনীর সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, সদস্যদের ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে বাহিনীর নেওয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। দায়িত্ব পালনে তিনি রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী।
এ সময় আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি। পাশাপাশি বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন ও আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে আগামী দিনে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের জন্য বাহিনীকে আহ্বান জানান।
দায়িত্ব পালনের পাশাপাশি বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আনসার ও ভিডিপির মহাপরিচালককে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।