জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করতে হবে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের জরুরি বিভাগে যান ৭৬ বছর বয়সী বিদ্যুৎমন্ত্রী। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্ট ও রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বুধবার সকাল ৯টায় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
বিদ্যুৎমন্ত্রীর পূর্ববর্তী রোগ-ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। কিছুদিন আগে ব্যাংককে তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।
বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তার পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করা প্রয়োজন বলে মেডিক্যাল বোর্ড মতামত দিয়েছে।