জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন। তার বক্তব্যের শেষ পর্যায়ে সংসদের স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রসিকতা করে বলেন, ‘নোয়াখালীর লোকজন তো চাঁদেও আছেন।’
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানান ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন।
বক্তব্যে নোয়াখালীকে প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা উল্লেখ করে তিনি বলেন, নোয়াখালীর মানুষ পরিশ্রমী, ধৈর্যশীল এবং যেকোনও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। দেশের সব জায়গায় নোয়াখালীর মানুষ রয়েছেন বলেও দাবি করেন তিনি।
ব্যারিস্টার খোকন বলেন, নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের দাবি নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা। নোয়াখালীর আয়তন বড় হওয়ায় প্রয়োজনে এখান থেকে আরও দুই-তিনটি জেলা করা সম্ভব। পাশাপাশি নোয়াখালীতে সমুদ্রবন্দর, বিমানবন্দর ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জানান তিনি।
তিনি আরও বলেন, নোয়াখালীতে সমুদ্রবন্দর করা হলে দেশের সমুদ্রবন্দরনির্ভরতা ও ঝুঁকি কমবে। নোয়াখালীর মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের ব্যাংকিং ও ব্যবসা-বাণিজ্যেও তাদের বড় উপস্থিতি রয়েছে।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় আছে, বিদেশেও প্রায় ৭০-৮০ লাখ নোয়াখালীর লোক আছে।
তার বক্তব্য শেষ করার সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আপনি বলেছেন বাংলাদেশের সব জায়গায় আছে। নোয়াখালী নাই কোথায়? কথায় কথায় বলে যে চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়। অতএব সব জায়গায় আছে।’
এরপর ‘ধন্যবাদ’ জানিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান ডেপুটি স্পিকার।