জাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

দেশে প্রায় ৮০ হাজার কওমি মাদ্রাসা জাকাত আদায়ের মাধ্যমে দরিদ্র পরিবারের সন্তানদের সাক্ষরতা, নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে চলেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাকাত সংগ্রহ ও হকদারদের মধ্যে বিতরণের জন্য ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৯৮২ সাল থেকে সরকারি জাকাত ফান্ড বিভাগ কাজ করছে। ২০২৩ সালে জাকাত আইন প্রণীত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে। ইসলামিক ফাউন্ডেশন ও শীর্ষ উলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে ওই কমিটি জাকাত ব্যবস্থা উন্নয়নে কাজ করছে। কমিটির সুপারিশের ভিত্তিতে জাকাত বোর্ড গঠন এবং দেশব্যাপী জাকাত বিভাগের কার্যক্রমে গতিশীলতা ও আধুনিকীকরণে সংস্কারকাজ চলমান রয়েছে। সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

পাশাপাশি দেশি-বিদেশি উৎস থেকে জাকাত সংগ্রহ সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এনবিআরের সহযোগিতায় সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদানের রসিদ ট্যাক্স রিটার্নের সঙ্গে যুক্ত করে কর রেয়াতের ব্যবস্থা চালু রয়েছে।

মন্ত্রী জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে সারা দেশের মাদ্রাসা, মক্তব, এতিমখানা এবং অনেক বেসরকারি সংস্থা জাকাত সংগ্রহ করে লাখ লাখ দরিদ্র শিক্ষার্থীর শিক্ষা ও অন্যান্য প্রয়োজন মেটাতে কাজ করছে।

তিনি বলেন, বিশেষ করে প্রায় ৮০ হাজার কওমি মাদ্রাসা জাকাত আদায় করে দরিদ্র পরিবারের সন্তানদের সাক্ষরতা, নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে চলেছে। এর মাধ্যমেও বিত্তবানদের জাকাত পরিশোধ এবং দারিদ্র্য বিমোচনে কাজ হচ্ছে।

আমির খসরু বলেন, অনেক বেসরকারি সংগঠনও জাকাত নিয়ে কাজ করছে। তারা সদস্যদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনে ভূমিকা রাখছে। হজযাত্রীদের সেবা ও মসজিদ নির্মাণের মতো জাকাতের খাতও যুগ যুগ ধরে বেসরকারিভাবেই পরিচালিত হয়ে আসছে।

তিনি বলেন, সরকারি জাকাত ফান্ড বিভাগের কার্যক্রমের পরিধি বাড়ানোর ক্ষেত্রে গণতান্ত্রিক সরকার বৃহত্তর আলেম সমাজের স্বার্থ এবং মাদ্রাসা ও এতিমখানার অর্থের প্রধান উৎস ফরজ জাকাত আদায় ব্যবস্থাকে সমন্বিত শক্তি হিসেবে গণ্য করে আসছে।

প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে দেশের সার্বিক জাকাত ব্যবস্থা আরও আস্থাভাজন ও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।