জাতিসংঘের ৮১তম অধিবেশন

শপথ নিলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে ড.খলিলুর রহমান

এর মধ্য দিয়ে দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ পদে আবারও কোনো বাংলাদেশি বসছেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী।

শপথ অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক তাকে মঞ্চে স্বাগত জানান। পরে ডান হাত উঁচু করে ধরে শপথ নেন ড. খলিলুর রহমান। শপথ বাক্যে তিনি বলেন, ‘আমি সশ্রদ্ধচিত্তে ঘোষণা করছি যে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য আমি সম্পূর্ণ বিশ্বস্ততা, বিচক্ষণতা ও বিবেকের সঙ্গে সততার সঙ্গে পালন করবো। জাতিসংঘের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং জাতিসংঘের সনদ ও সাধারণ পরিষদের সভাপতির জন্য প্রযোজ্য নৈতিক আচরণবিধি অনুসরণ করে আমি আমার দায়িত্ব পালন ও আচরণ পরিচালনা করবো। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে জাতিসংঘের বাইরে কোনও সরকার বা অন্য কোনও পক্ষের কাছ থেকে কোনও নির্দেশনা চাইব না বা গ্রহণ করবো না।’

‘থোরস হ্যামার গ্যাভেল’ হস্তান্তর করেন ৮০তম অধিবেশনের সভাপতি

শপথের পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে আনালেনা বেয়ারবক নতুন সভাপতির হাতে বিশেষ হাতুড়ি বা ‘থোরস হ্যামার গ্যাভেল’ হস্তান্তর করেন। প্রসঙ্গত, ১৯৫৫ সালে আইসল্যান্ডের পক্ষ থেকে এটি জাতিসংঘকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি অধিবেশন শুরু ও শেষ করতে, প্রস্তাব অনুমোদন করতে এবং অধিবেশনের শৃঙ্খলা বজায় রাখতে ঐতিহ্যগতভাবে এই হাতুড়িটি ব্যবহার করেন।

এর আগে ৮০তম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন বিদায়ী সভাপতি আনালেনা বেয়ারবকের।