প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বৈঠকের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। 

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়া, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।