‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গঙ্গার পানিবন্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি বাস্তবায়ন চায় বাংলাদেশ। যেখানে থাকবে গ্যারান্টি ক্লজ, রক্ষা হবে দেশের স্বার্থ। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে নদী নিয়ে আয়োজিত সংলাপে তিনি এ কথা জানান। চলতি বছরে শেষ হচ্ছে এই নদীর পানিবন্টন নিয়ে দুই দেশের চুক্তি। এরপর চুক্তিটি নবায়ন হবে নাকি নতুন করে চুক্তি হবে, সেই প্রশ্ন বাংলাদেশে উঠছে। 

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, “দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। কিন্তু শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব নদীর ওপর পড়ছে। দূষণের মূল কারণ বের করা উচিত।” 

এ সময় তিনি উল্লেখ করেন, ঢাকা মহানগরীতে প্রতিদিন ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার পানির বর্জ্য তৈরি হয়। এরমধ্যে ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে যায়। এর ফলে বছরে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।