লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ের অফিসকক্ষে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (২৮ সেপ্টেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

এ সময় দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্তকরণ, ওষুধ এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

সাক্ষাতে সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যানসারের ওষুধ রফতানি আরও বাড়াতে পারে।” একই সঙ্গে তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান। 

সাক্ষাৎকালে হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের স্বাস্থ্য খাতের মধ্যে অঙ্গ-প্রতিস্থাপন বিষয়ে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এসময় ইমরান হায়দার জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে গাম্বাত ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-জিআইএমএস আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশে পরবর্তী সময়ে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা প্রদানের প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।