‘ক্লাইমেট চেঞ্জ’ কীভাবে দলীয় বক্তব্য হয়, জামায়াত নেতার উদ্দেশে হুমায়ুন কবির

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছিলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় বক্তব্য দিয়েছেন। তার এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘আমি আসলেই অবাক। মানে যার কথা বলছেন, মানে উনি কোন বুদ্ধিতে এই কথাগুলো বললেন, উনার (প্রধানমন্ত্রীর) ভাষণে ক্লাইমেট চেঞ্জ প্রধান্য পেয়েছে। তো ক্লাইমেট চেঞ্জ কি বিএনপির, না জামায়াতের? না অন্য কারো? এটা তো দেশের কথা এবং ইউ নো ইটস ইম্পর্টেন্ট।’

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘ক্লাইমেট চেঞ্জ তো উনার বক্তব্যে প্রাধান্য পেয়েছে, কি দলীয় বক্তব্য দেওয়া হলো; আমি তো বুঝলাম না। তো এগুলো না বুঝে, না পড়ে, না শুনে শুধু বলা আসলে ঠিক না। এভাবে বলা… একটু দায়িত্ববোধ নিয়ে বলতে হবে। ওখানে উনি (প্রধানমন্ত্রী) কিছু ডোমেস্টিক পলিসির কথা বলছেন, তারপরে আন্তর্জাতিক পিস নিয়ে কথাবার্তা বলেছেন, রোহিঙ্গাদের কথা বলছেন; উনি কি বিএনপির কথা প্রেস কনফারেন্স করতে গিয়েছিলেন? আমাদের অভ্যন্তরীণ জাতীয় স্বার্থ উনার বক্তৃতায় গুরুত্ব পেয়েছে, এগুলা হচ্ছে একটু প্রিমেচিউর কথাবার্তা। আরও একটু বুদ্ধি নিয়ে, মানে একটু জেনে-শুনে… এটা আমি আর বেশি বলতে চাই না।’

বিরোধীদলের সমালোচনার জবাবে হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করা হয়নি, প্রয়োজনীয় বৈঠক ও আনুষ্ঠানিকতা শেষ করেই দেশে ফিরেছেন তিনি।’

একইসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্বিক বিবেচনায় এবারের জাতিসংঘ সফর সফল হয়েছে।