পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা নিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে মন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে মনে হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ সম্পন্ন করেননি। এখানে সমন্বয়ের অভাব ছিল বলে মনে হয়েছে। তবে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।’

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক শান্তি বজায় রাখতে সরকার কাজ করছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা সামনে এনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’