মিরপুর-১০ নম্বরে সিটি করপোরেশন কর্তৃক চালানো উচ্ছেদ অভিযান নিজের শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়া সেই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম মিল্টন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) শেষ সম্বল হারানো সেই বৃদ্ধকে নিজের অফিসে ডেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।
জানা যায়, মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযান চলাকালে বৃদ্ধের শেষ সম্বল ছোট্ট একটি বাক্স- যার ভেতরে ছিল রিকশা মেরামতের প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি। বাক্সটি অভিযানের সময় নষ্ট হয়ে গেলে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
বিষয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধকে খুঁজে বের করে তার পাশে দাঁড়ান এবং আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, উচ্ছেদ মানে শুধু অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া নয়- এর আড়ালে থাকা মানুষের কষ্ট ও জীবিকার কথাও মানবিকভাবে বিবেচনা করা জরুরি। মানুষের বিপদে পাশে দাঁড়ানো- এটাই তো মানবিকতার সবচেয়ে বড় পরিচয়।