প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ফ্যাসিবাদ আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার। সে সময় দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপির সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি চালু করেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘শিক্ষা ও শিক্ষকদেরকে প্রধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার। তাই শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মাহদী আমিন বলেন, সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনও যৌক্তিক এবং ন্যায্য দাবির পক্ষে সরকার।
শিক্ষকদের মর্যাদাদানের বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, অতীতে বিশ্ব শিক্ষক দিবসে মাত্র ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হতো; যা বর্তমান সরকার বাড়িয়ে শতাধিক শিক্ষকে উন্নীত করেছে। আগামীতে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস ও আন্দোলনে শিক্ষকদের অবদানের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার শিক্ষক ও কর্মচারীদের যেকোনও যৌক্তিক ও ন্যায্য দাবির বিষয়ে অত্যন্ত আন্তরিক থাকবে।
শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি চালু করা হচ্ছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, ‘পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি, আন্তর্জাতিক টিচার এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সংযোগ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে নিতে হলে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। কারণ, শিক্ষক সমাজই রাষ্ট্র রূপান্তর ও উন্নয়নের মূল চালিকাশক্তি।’
মাহদী আমিন উল্লেখ করেন, শিক্ষকদের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এমপিও ব্যবস্থা চালু, এনটিআরসিএ গঠন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় ‘অবসর সুবিধা বোর্ড’ ও ‘কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠার মতো যুগান্তকারী উদ্যোগগুলোও বিএনপি সরকারের সময়েই গৃহীত হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।