গণতন্ত্রকে কার্যকর সংসদের মাধ্যমে পূর্ণতা দিতে হবে: জহির উদ্দিন স্বপন

দেশের অর্জিত গণতন্ত্রকে অর্থবহ ও টেকসই করতে সব গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদের মাধ্যমেই পূর্ণতা দিতে হবে।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ও শিরীন সুলতানা, সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব এবং খন্দকার লুৎফর রহমান। সভা সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক কর্মীদের মূল দায়িত্ব কেবল আন্দোলন-সংগ্রামে সীমাবদ্ধ নয়; বরং দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা।

শহীদ জেহাদ, আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করে আধুনিক ও বিজ্ঞানমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির যুগে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। শুধু আন্দোলন ও ত্যাগের ইতিহাসচর্চায় সীমাবদ্ধ না থেকে শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর সংসদ গঠন এবং জাতীয় অর্থনীতিকে সচল করাই এখন রাষ্ট্র ও রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় ফ্যাসিবাদের বিলোপ ঘটিয়ে আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা রয়েছে, যা অর্জিত গণতন্ত্রকে টেকসই রূপ দিতে সহায়তা করবে।