দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর প্রথমবারের মতো বৈঠকে বসছেন বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীরা। আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এই বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দুই দিনের এই বৈঠকের প্রথম দিন সোমবার (১২ অক্টোবর) বিমসটেকভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসবেন। পরদিন প্রথমবারের মতো সদস্যদেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠক করবেন।

বাংলাদেশের প্রতিনিধিদলে জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সঙ্গে থাকছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক, বিমসটেক ও অন্যান্য অগ্রাধিকার বিষয়ক অতিরিক্ত সচিব এ কে এম শহীদউল করিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা খান।

এর আগে গত সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনেও যোগ দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমসটেকের চেয়ার হিসেবে তাকে ওই অধিবেশনে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ।