কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে

ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল শুরু করবে মহানগর এক্সপ্রেস। নতুন এই সেবায় নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ যাত্রাপথের বিভিন্ন স্টেশন থেকে ট্রেন পরিবর্তন না করেই কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন, ২৬ অক্টোবর থেকে বর্ধিত এই সেবা চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসটি কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীনভাবে না চলে এটি যাত্রাপথের বিভিন্ন স্টেশনে থামবে।

নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।

যাত্রাপথে ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। এসব স্টেশনের যাত্রীরা এই সেবার মাধ্যমে সরাসরি কক্সবাজার যেতে পারবেন।

মহানগর এক্সপ্রেসে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ শ্রেণিতে ভ্রমণের সুযোগ থাকবে।

মোহাম্মদ সফিকুর রহমান জানান, নতুন সময়সূচি কার্যকর হলে মহানগর এক্সপ্রেস আর চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত চলছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস।